হাইড্রেশন ব্রেক দুর্বল দলগুলোকে সুবিধা দিচ্ছে— দাবি স্কালোনির

এবারের বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’ চালু করেছে ফিফা। দুই অর্ধে দুবার ম্যাচ থামিয়ে দেওয়া হয় পানি খাওয়ার বিরতি।  ফিফার নতুন এই নিয়ম নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে মনে করছেন, এতে খেলার স্বাভাবিক গতি নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ মনে করছেন, এতে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।

‘হাইড্রেশন ব্রেকের’ সমালোচনা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি মনে করেন, হাইড্রেশন ব্রেকের কারণে ম্যাচ এখন দুই ভাগের জায়গায় চার ভাগে বিভক্ত হয়ে পড়ছে, যা অনেক ক্ষেত্রে দুর্বল দলগুলোকে কৌশলগত পরিবর্তনের বাড়তি সুবিধা দিচ্ছে।

আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনোই কোনো ম্যাচ সহজ হয় না। এবার ৪৮ দলের বিশ্বকাপ ফরম্যাট আর অতিরিক্ত গরমের কারণে পরিস্থিতি আরও কঠিন। সঙ্গে যোগ হয়েছে হাইড্রেশন ব্রেক। বারবার খেলা থেমে যাচ্ছে, এতে দুর্বল দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার এবং ভুলত্রুটি শুধরে নেওয়ার বাড়তি সময় পাচ্ছে। এটি আসলে খেলার সময় বাড়ানোর জন্য করা হয়েছে। কিন্তু এই নিয়ম ম্যাচটিকে ভাগ করে দিচ্ছে।’

আর্জেন্টিনার কোচ আরও বলেন, ‘খেলাটি এখন চার ভাগে বিভক্ত। ওই ২২ মিনিটে যা ঘটে, তার ওপর ভিত্তি করে আমার মাথায় থাকা সব পরিকল্পনা বদলে যেতে পারে। তবে আমি শুধু দুর্বল দলের সুবিধার কথা বলছি না, আক্রমণাত্মক দলগুলোও এর মাধ্যমে নিজেদের কৌশল ঠিক করে নিতে পারে। নিয়মটি নতুন হওয়ায় মানিয়ে নিতে একটু অদ্ভুত লাগছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি স্বাভাবিক হয়ে যাবে।’

তীব্র গরম ও আর্দ্রতা থেকে স্বস্তি দিতে চলমান বিশ্বকাপে ফিফা চালু করেছে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন ব্রেক। তবে ভালো উদ্দেশ্য নিয়ে এই নিয়ম চালুর কথা বলা হলেও এর পেছনে সম্প্রচারকারীদের বিশাল বিজ্ঞাপনী বাণিজ্য দেখছেন ফুটবলভক্তরা।

আর এই ক্ষোভ থেকেই বিশ্বকাপের ম্যাচগুলোতে গ্যালারি থেকে ভেসে এসেছে দর্শকদের তীব্র দুয়োধ্বনি। ভক্তদের দাবি- এই জোরপূর্বক বিরতি ফুটবলের চিরায়ত ছন্দকে স্রেফ খুন করছে।