স্টারমারের পদত্যাগের পর কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে । সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। স্টারমারের এই আকস্মিক বিদায়ের পর এখন সবার নজর লেবার পার্টির নতুন নেতৃত্ব এবং ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেদিকেই।

বর্তমানে সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা ও মেকারফিল্ডের সংসদ সদস্য অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় সূত্রগুলোর মতে, নেতৃত্বের দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন এবং তার পক্ষে ব্যাপক সমর্থন রয়েছে।

স্টারমার জানিয়েছেন, নতুন নেতা নির্বাচনের লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করবেন।

অন্যদিকে, ইলফোর্ড নর্থের এমপি ওয়েস স্ট্রিটিংয়ের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এলেও তার ঘনিষ্ঠদের অনেকে মনে করছেন, শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতায় নাও থাকতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নতুন নেতৃত্বের কাঠামোয় তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।

বর্তমান সময়সূচি অনুযায়ী, ৯ জুলাইয়ের মধ্যে মনোনয়ন কার্যক্রম শুরু হয়ে ১৬ জুলাইয়ের আগেই প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। তবে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামলে চূড়ান্ত নির্বাচন গ্রীষ্মকালীন বিরতির পর অনুষ্ঠিত হবে।

নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাজনৈতিক মহলের অধিকাংশ পর্যবেক্ষক মনে করছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

সূত্র : বিবিসি