নিখোঁজের দুই দিন পর নারায়ণগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুদিন পর মারজিয়া (দেড় বছর) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের কন্যা।

নিহত শিশুর পরিবার জানান, গত ২০ জুন বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার হতাশ হয়ে পড়ে। পরে ২২ জুন সকাল ৯টার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

শিশুটিকে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে তার পরিবার। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।