মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিখোঁজ হয়েছিল বোগদাদিয়া-৯ লঞ্চের শ্রমিক সাব্বির হোসেন (১৫)। সোমবার বিকেলে নদী থেকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। গত রবিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে দুই লঞ্চের সংঘর্ষে সে নদীতে পড়ে যায়। প্রায় ৩০ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের অদূরে লাশটি ভেসে উঠে।
সাব্বির কুমিল্লার মুরাদনগর পুরবানপুর গ্রামের আবুল কালামের ছেলে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাফিউল ইসলাম জানান, চাঁদপুরগামী বোগদাদিয়া-৯ ও দক্ষিণাঞ্চলগামী আবে-জমজম লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভেড়ার সময় সংঘর্ষ হয়। এই সময় বোগদাদিয়া-৯ লঞ্চের এই শিশু শ্রমিক নদীতে পড়ে যায়। দুটি লঞ্চই গন্তব্যে রওনা হয়েছে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিসহ নৌ পুলিশও সন্ধান চালিয়ে যাচ্ছিল।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, স্থানীয় ফায়ার সার্ভিস লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় সাব্বিরের পিতা সোমবার সকালে এসে মুন্সীগঞ্জ থানায় নিখোঁজের জিডি করেছেন। অনেক খোঁজাখুঁজির পর সাব্বিরকে না পেয়ে তিনি কুমিল্লায় ফিরে যান। পরে বিকেলে লাশ উদ্ধারের খবর পেয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ঈদের নামাজে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
জেলা প্রশাসক মো. মনিবরুজ্জামান তালুকদার জানিয়েছেন, সাব্বিরের পরিবারকে তাৎক্ষনিক সরকারিভাবে ২০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরও কি সহায়তা করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার ব্যাপারেও পরিবারের ইচ্ছানুযায়ী পদক্ষেপ গ্রহণে সহায়তা প্রদান করা হবে।
ইত্তেফাক/অনি