মাস্ক-হেলমেট পরে দুর্গাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঝটিকা মিছিল বের করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২২ জুন) ভোরবেলা উপজেলার কানপাড়া-খড়খড়ি রাস্তার ফলিয়ার বিল এলাকায় এই মিছিলটি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুব ভোরে ১০ থেকে ১২ জন যুবক মোটরসাইকেলে করে ওই এলাকায় আসেন। তারা প্রত্যেকে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিহিত ছিলেন। মিছিলের ব্যানারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। ব্যানারের নিচে আয়োজক হিসেবে রাজশাহী জেলা আওয়ামী লীগের নাম লেখা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, যুবকরা সেতুর কাছে অবস্থান নিয়ে তড়িঘড়ি করে ব্যানার বের করেন এবং ছবি তোলেন। এরপর ৫ থেকে ৬ মিনিট ব্যানার হাতে মিছিল করে তারা দ্রুত দক্ষিণ দিকে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, তারা ঝটিকা মিছিলের বিষয়টি অবগত হয়েছেন। তবে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে জড়িতদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।