বগুড়ার ধুনটে ধসে পড়লো কালভার্ট, যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট হঠাৎ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হওয়ায় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

সোমবার (২২ জুন) সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। এতে সড়কের দুই পাশের সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, টানা কয়েক দিনের ভারী বর্ষণে মাঠে জমে থাকা পানি প্রবল স্রোতে নিষ্কাষণের সময় কালভার্টটির এক পাশের মাটি সরে যায়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে ২০০১ সালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সুবিধার্থে ১৫ মিটার দীর্ঘ এ কালভার্টটি নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণের শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। 

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও নিম্নমানের নির্মাণকাজের কারণে কালভার্টটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রয়োজনীয় সংস্কার না করায় শেষ পর্যন্ত সামান্য বৃষ্টি ও পানির চাপে সেটি ধসে পড়ে।

কালভার্টটি ধসে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, জরুরি চিকিৎসাসেবাপ্রত্যাশী রোগী এবং কৃষিপণ্য পরিবহনকারী কৃষকরা। বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন করে টেকসই কালভার্ট নির্মাণ এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’