কানাডার মন্ট্রিয়ল শহরে বন্দুকধারীর হামলায় পুলিশসহ তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর বিবিসির।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে গুলির শব্দ শোনার পর স্থানীয় বাসিন্দারা জরুরি সেবার নম্বরে ফোন করেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একাই এ হামলা চালিয়েছেন। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে তিনি নিহত হন।
নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। তবে ঘটনাটি ধর্মীয় বা জাতিগত বিদ্বেষপ্রসূত কি না, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুলিশ।
ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও কানাডা জানিয়েছে, হামলাকারী নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। তবে এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর এলাকাজুড়ে জরুরি সতর্কতা জারি করা হলেও স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তা প্রত্যাহার করা হয়।