‘পবিত্র আশুরা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন বিভাগ (লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর) থেকে মোট ২৮টি ইমামবাড়া কর্তৃক ১ থেকে ৭ মহররম পর্যন্ত ১০টি, ৮ মহররম ১০টি, ৯ মহররম ১৯টি এবং ১০ মহররম ২৪টি মোট ৬৩ টি তাজিয়া মিছিল প্রত্যহ বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি তাজিয়া মিছিলের রুট নির্ধারণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সন্দেহজনক বস্তু বা ব্যক্তির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন,  ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরাও মাঠে থাকবে। এছাড়া, বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হবে। 

আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন থাকবে। তীব্র যানজট এড়াতে ও সম্মানিত মিছিলে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর চালক ও সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানান তিনি।