মেসির পারফরম্যান্স নিয়ে কেন ভাবেন না, জানালেন এমবাপ্পে

চলমান বিশ্বকাপে লিওনেল মেসির সঙ্গে গোল করার লড়াইয়ে পাল্লা দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যেন এই দুই মহাতারকার মধ্যে চলছে অদৃশ্য দ্বৈরথ। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের দিনে এমবাপ্পে সেনেগালের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। আবার পরের ম্যাচে মেসির জোড়া গোলের জবাবে ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছেন এই ফরাসি তারকা।

তবে ব্যক্তিগত এই লড়াই নিয়ে এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মাঠের খেলায় মেসির পারফরম্যান্স নিয়ে আলাদাভাবে ভাবেন না। ইরাকের বিপক্ষে ৩–০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘লিও কী করছে সেটা যদি আমি দেখতে শুরু করি, তবে আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। আমি তার দিকে মনোযোগ দিচ্ছি না, বরং আমার মূল লক্ষ্য দলের সাফল্যে অবদান রাখা।’

সাবেক এই ক্লাব সতীর্থের প্রশংসা করে এমবাপ্পে আরও যোগ করেন, ‘মেসি সবসময়ই গোল করে। সে অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। তবে আমি আমার দলকে কীভাবে সাহায্য করা যায়, কেবল সেটিই ভাবছি।’

উল্লেখ্য, ইরাকের বিপক্ষে ম্যাচটি ছিল ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের শততম ম্যাচ। বিশ্বকাপে বর্তমানে তার গোলসংখ্যা ১৬টি, যা কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। সর্বোচ্চ গোলদাতা মেসির চেয়ে তিনি এখন মাত্র দুই গোল পিছিয়ে আছেন।

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে নিজের ফর্ম প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘আমি বর্তমানে খুব ভালো বোধ করছি। সবাই জানে একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে গুরুতর চোট পাওয়ার পর শারীরিক ও মানসিকভাবে নিজেকে সেরা অবস্থায় ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

ফিলাডেলফিয়ায় ম্যাচ চলাকালে ঝড়ের কারণে দুই ঘণ্টার দীর্ঘ বিরতি নিয়েও কথা বলেছেন ফরাসি ফরোয়ার্ড। তিনি জানান, ড্রেসিং রুমে সেই দুই ঘণ্টা ফোকাস ধরে রাখা এবং মানসিক চাপ সামলানো অত্যন্ত কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনে সফল হওয়ায় তিনি সন্তুষ্ট।