জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।
সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।