অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, জর্ডানের হারের কারণে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনেকটাই নির্ভার হয়ে মাঠে নামতে পারবে আলবিসেলেস্তেরা।
আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলে বড় ধরনের রদবদলের পরিকল্পনা করছেনআর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, জর্ডানের বিপক্ষে অনেক খেলোয়াড়কেই সুযোগ দেওয়া হবে।
আর্জেন্টিনার কোচ বলেন, ‘যোগ্যতা অর্জন আমাদের পরিকল্পনা বদলে দেয় না। দুই ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই সেটিতে খুশি। এখন আমরা পরিস্থিতি বিশ্লেষণ করবো। যেসব খেলোয়াড় সুযোগ পাওয়ার যোগ্য, তাদের অধিকাংশকেই মাঠে নামানো। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটি করবো।’
অস্ট্রিয়ার বিপক্ষে গত ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন একচ্ছত্রভাবে নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। দুই ম্যাচে একাই ৫ গোল করেছেন তিনি। নকআউট নিশ্চিত থাকায় জর্ডানের বিপক্ষে মেসিকে পুরো সময় খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
এদিকে চোট নিয়ে বিশ্বকাপ শুরু করা নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলেছেন। জর্ডানের বিপক্ষে তাদের আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে, যাতে নকআউট পর্বের আগে ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে পান।