বিশ্বকাপের গ্রুপ পর্বেই জমে উঠেছে মহারণ। 'এল' গ্রুপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে বোস্টনের আলো ঝলমলে রাতে মুখোমুখি হচ্ছে ফুটবলের জনক ইংল্যান্ড ও আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি ঘানা। বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হওয়া এই ম্যাচটি কেবল তিন পয়েন্টের হিসাব নয়, এটি গ্রুপ সেরা হওয়ার দৌড়েও বড় পরীক্ষা। এই গ্রুপের আরেক ম্যাচে কানাডার টরন্টোয় মুখোমুখি হচ্ছে পানামা ও ক্রোয়েশিয়া। এই ম্যাচটি মাঠে গড়াবে বুধবার ভোর ৫টায়।
ইংল্যান্ড ও থানা দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে এই ম্যাচে জয় পাওয়া দল নকআউটের পথ অনেকটাই মসৃণ করে ফেলবে। উত্তেজনা তাই ছুঁয়েছে অন্য উচ্চতা। ইংল্যান্ড এবারের বিশ্বকাপ শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে খ্রি লায়ন্সরা। কোচ থমাস টুথেলের অধীনে ইংলিশদের লক্ষ্য এবার একটাই-দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। অধিনায়ক হ্যারি কেইন আছেন দুর্দান্ত ছন্দে। প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। মাঝমাঠে জুড বেলিংহামের উপস্থিতি ইংল্যান্ডকে দিয়েছে বাড়তি ভারসাম্য ও সৃজনশীলতা। তরুণ এই মিডফিল্ডার প্রথম ম্যাচেই গোল করে নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন।
কাগজে-কলমে হয়তো ঘানা ফেভারিট নয়, কিন্তু আফ্রিকান দলটির সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা। প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ব্লাক স্টারসর। যদিও পুরো ম্যাচে খুব স্বচ্ছন্দ ছিল না তারা। শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে ঘানা। কোচ কার্লোস কুইরোজের অধীনে দলটি খেলছে শৃঙ্খলাবদ্ধ ফুটবল। দ্রুত রক্ষণ থেকে আক্রমণে ওঠা এবং কাউন্টার অ্যাটাকই তাদের সবচেয়ে বড় অস্ত্র। দলটির অধিনায়ক আন্দ্রে আইয়ু, অ্যান্তোনি সেমেনিও, কামালদিন সুলেমানরা ইংল্যান্ডের রক্ষণে বড় হুমকি হয়ে উঠতে পারেন।
ইংল্যান্ড কোচ থমাস টুখেল জানিয়েছেন থানাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ম্যাচের আগে তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, ঘানাকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। তার ভাষায়, 'ঘানা খুবই সংগঠিত, শারীরিকভাবে শক্তিশালী। তারা খুব দ্রুত রক্ষণ থেকে আক্রমণে উঠতে পারে।' প্রথম ম্যাচে বড় জয় পেলেও তিনি দলের দুর্বলতার দিকটিও তুলে ধরেছেন, 'আমরা চার গোল করেছি, যা দারুণ। কিন্তু দুই গোল হজম করেছি। এটা আমার পছন্দ নয়। আমাদের আরো ভারসাম্যপূর্ণ হতে হবে।' ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন জানিয়েছেন, কাজ এখনো শেষ হয়নি। তিনি সতীর্থদের আত্মতুষ্ট না হওয়ার বার্তা দিয়ে বলেন, 'প্রথম ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ ছিল, বিন্তু কাজ এখনো শেষ হয়নি। ঘানা সুযোগ পেলেই প্রতিরোধ গড়বে।' তার মতে, 'আমাদের লক্ষ্য শুধু গ্রুপ পর্ব পার হওয়া নয়। আমরা আরো বড় কিছুর জন্য এখানে এসেছি।'
অন্যদিকে ঘানা কোচ কার্লোস কুইরোজ প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দিলেও ভয় পাচ্ছেন না। তার দৃঢ় কণ্ঠে শোনা গেছে আত্মবিশ্বাস, 'ইংল্যান্ড ফেভারিট, কিন্তু আমরা ভয় পাই না। ফুটবল শুধু নামের খেলা নয়-এটা সাহস, সংগঠন ও বিশ্বাসের খেলা।' অধিনায়ক আন্দ্রে আইয়ু বলেন, 'আমরা ইতিহাস গড়তে এসেছি। এই ধরনের ম্যাচ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ দেয়। সবাই ইংল্যান্ডকে এগিয়ে রাখছে। এতে আমাদের ওপর চাপ কম। আমরা মাঠে নামব লড়াই করতে, নিজেদের সর্বস্ব দিতে। আমরা শুধু খেলতে নয়, ইতিহাস গড়তে এসেছি।'
অন্যদিকে 'এল' নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও পানামা। টরন্টোর বিএমও ফিল্ডের ম্যাচটি দুই দলের জন্যই কার্যত 'ডু অর ডাই'। প্রথম ম্যাচে দুই দলই হেরে যাওয়ায় নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই কারও সামনে। একদিকে ইতিহাস গড়তে মরিয়া পানামা, যারা বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রথম জয় খুঁজছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের অন্যতম সফল দল ক্রোয়েশিয়া। যারা অভিজ্ঞতা ও তারকাখচিত স্কোয়াড নিয়ে মাঠে নামলেও শুরুটা হয়েছে হতাশাজনকভাবে। ফলে এই ম্যাচে উত্তেজনা, চাপ এবং নাটকীয়তার সব উপাদানই রয়েছে। পানামা তাদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে ভালো লড়াই করেও শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে যায়। ম্যাচে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল না পানামা। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা তাদের ভুগিয়েছে।