বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয়ের দেখা পায়নি পর্তুগাল। ডি আর কঙ্গোর বিপক্ষে সেই ম্যাচে ছন্দেও ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (২৩ জুন) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল।
এই ম্যাচে গোলের দেখা পেলেই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়বেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।
২০১৮ বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন রোনালদো। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এ দিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে আসে মাত্র একটি গোল।