কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কৃষক মারা গেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কবির হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড গ্রহণ করেন কবির হোসেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তার কৃষক পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি তদন্ত করে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেন যে, কবির হোসেন একজন প্রকৃত কৃষক এবং দীর্ঘকাল ধরে তিনি কৃষি কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সরকারি সেই তদন্ত প্রতিবেদনের পরই তাকে নিয়ে সব বিতর্কের অবসান ঘটে।

কবির হোসেনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও তার প্রয়াণে শোক জানিয়েছেন। স্বজনরা জানিয়েছেন, জানাজা ও দাফন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।