ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭ 

বর্ষা মৌসুমের শুরুতেই দেশে আবারও বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৯ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১ জন, বরিশালে ৫৬ জন, চট্টগ্রামে ১৬ জন, খুলনায় ১০ জন, ময়মনসিংহে ৩ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৯ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৩১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯১৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, শুধু জুন মাসের প্রথম ২৩ দিনেই ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ হাজার ১২০ জনে। এতে বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।