৪ কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার, কত ব্যয় 

দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৪ কোটি লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

বুধবার (২৪ জুন) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সরকারের অনুমোদিত ক্রয়ের মধ্যে রয়েছে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন এবং ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার পিইটি বোতলে) কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ বাবদ ব্যয় ধরা হয়েছে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি লিটার ১৮৩ টাকা ৯৫ পয়সা দরে তেল সংগ্রহ করা হবে।

অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এ জন্য ব্যয় হবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে প্রতি লিটার ১৬৪ টাকা ৭৭ পয়সা দরে এ তেল কেনা হবে।

দুই ধরনের তেল ক্রয়ে সরকারের মোট ব্যয় দাঁড়াবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

এ ছাড়া একই বৈঠকে মসুর ডাল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের কয়েকটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।