শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৮ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, বুধবার রাতে শেরপুর থেকে একটি বিশেষ অভিযানে শ্রীবরদীর দিকে যাচ্ছিল ডিবি পুলিশের ওই দল। তাদের বহনকারী নোহা মাইক্রোবাসটি ভারেরা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ভেতরে থাকা ৮ পুলিশ সদস্য আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের তথ্যমতে, দুর্ঘটনাস্থল ভারেরা বাজার এলাকার সড়কের পাশে গত কয়েকদিন ধরে ড্রেন নির্মাণের কাজ চলছে। রাস্তার এক পাশে খোঁড়াখুঁড়ি এবং অন্য পাশে নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় ওই অংশের সড়কটি বেশ সরু হয়ে পড়েছে। এ কারণে ওই স্থানে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান জানান, শ্রীবরদীতে একটি অভিযানে যাওয়ার পথে ডিবি পুলিশের দলটি দুর্ঘটনার শিকার হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।