ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
আগামীকাল শুক্রবার (২৬ জুন) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনও নেওয়া হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা টিকিট কিনেছেন তাদের সবাইকে অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। কনসার্ট পুনঃনির্ধারণের সম্ভাবনা এবং রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত জানানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে কনসার্ট স্থগিত হওয়ার খবর পেয়েছেন।
‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই বিশেষ আয়োজনটি যৌথভাবে আয়োজন করছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল।