নদীতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় করোতোয়া নদীতে ডুবে একই পরিবারের এক নারীসহ দুই তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের দুলাল হোসেনের দুই মেয়ে দুলালী খাতুন (২৪) ও সুরভী (১৩) এবং তার পুত্রবধূ সুমাইয়া আকতার ওরফে আকলিমা (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে ভাবি সুমাইয়া আক্তার তার দুই ননদকে নিয়ে বাড়ির পাশে করতোয়া (স্থানীয় নাম কান নদী) নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও তারা ঘরে না ফেরায় ভাই তহিদুল ইসলাম তাদের খুঁজতে নদীর পাড়ে যান। সেখানে গিয়ে তিনি তিনজনের তিনটি ওড়না নদীর পাড়ে পড়ে থাকতে দেখলেও তাদের কোথাও পাচ্ছিলেন না। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এসে মরদেহ তিনটির সুরতহাল করে।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওবায়দুদ বলেন, মরদেহ তিনটির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।