টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন—টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোকেয়া খাতুন (৩৯) ও ইয়াসমিন (৩১)। 

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৩টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কেরুনতলী এলাকায় সন্দেহজনক দুইজন নারীকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটক দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।