পুরান ঢাকার বংশাল এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শামীম হাসনাত (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিদ্দিক বাজারের ‘ঢাকা প্যালেস’ হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হোটেলটির ১২১ নম্বর কক্ষে গত ঈদুল ফিতরের পর থেকে ভাড়া থাকছিলেন শামীম। বুধবার রাত থেকে কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। পরিচ্ছন্নতাকর্মী সাহিদা বেগম ভেতরে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা বংশাল থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, শামীম দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বাড়িতে না থেকে হোটেলেই থাকতেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
শামীম হাসনাতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী এলাকায়।