ভিনি হেডে গোল করার পর রেফারিকে যা বলেছিলেন ক্ষুব্ধ আনচেলত্তি

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ৩ ম্যাচে ৪ গোল, ১ অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যাটট্রিকের দেখাও পেতেন ভিনি। যদি না রেফারি এক গোল বাতিল না করতেন।

ভিনিসিয়ুস গোলটির বাতিল বেশ ক্ষুব্ধ ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তাই ভিনি দ্বিতীয় গোলটির পর চতুর্থ রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন ব্রাজিলের এই কোচ। 

ঘটনার সূত্রপাত হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস। গোলের পর মেক্সিকান রেফারি সিজার রামোস মাঠের মনিটরে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন, ভিনি ফাউল করেছেন। বাতিল হয় গোল।

রিপ্লেতে দেখা যায় ভিনিসিয়ুস বলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যে–ই না পা বাড়িয়েছিলেন, তাতে পা লেগে পড়ে যান হেনরি। কিন্তু রেফারির সিদ্ধান্তই তো চূড়ান্ত। ফলে চুপচাপ সেই সিদ্ধান্ত মেনে নেন সবাই।

তবে প্রথমার্ধের যোগ করা সময়েই তুলে নেন নিজের দ্বিতীয় গোলের দেখা পান ভিনি। ব্রুনো গুমাইরেসের ক্রস থেকে হেডে বল জালে জড়ান তিনি। প্রায় ২ বছর ৩ মাস পর আবারও হেড করে গোলের দেখা পেলেন ভিনি। 

গোলের পরেই আনচেলত্তি ছুটে যান চতুর্থ রেফারির দিকে। চিৎকার করে বললেন, ‘এবার গোলটা বাতিল করে দেখাও তো!’ এ সময় তাকে থামাতে পিছু পিছু দৌড়ে যান অন্যরা। অহেতুক রাগ দেখিয়ে না আবার কার্ড খেতে হয় আনচেলত্তিকে! সেটি না হলেও রেফারি সতর্ক করেন ব্রাজিলের কোচকে।

এরপর আনন্দে মেতে উঠেন আনচেলত্তি। কারণ, ভিনি ততক্ষণে ইঙ্গিতে কোচকে মনে করিয়ে দিয়েছেন, তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ম্যাচ শেষে ভিনি বলেন, ‘তিনি বলেছিলেন, কাজটা নাকি একপ্রকার অসম্ভব (হাসি)। কোচ এটাও বলেছেন, (হেডে গোল পেলে) আমাকে একটা উপহার দেবেন।’