গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিপাকে জার্মানি, ক্ষুব্ধ কোচ

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ ‘ই’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জার্মানির জন্য উল্টো বিপদ হয়েছে বলে মনে করছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান।

ফিফার ম্যাচ শিডিউল নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করেছেন জার্মান কোচ। আগেই ঠিক করে রাখা ব্র্যাকেট অনুযায়ী, ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড অব ৩২ এ মুখোমুখি হবে এ/বি/সি/ডি/এফ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের। ম্যাচের ভেন্যু এবং সময়ও ইতোমধ্যে চূড়ান্ত। প্রতিপক্ষ যেই হোক, জার্মানির ম্যাচটি হবে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে, ভেন্যু বোস্টন। 

এখানেই মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গ্যাঁড়াকলে পড়েছে জার্মানি। যেহেতু তৃতীয় স্থানে থাকা একটি দলের সঙ্গে খেলা পড়বে, সেহেতু সবগুলো গ্রুপের ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত জার্মানি জানতে পারছে না পরের পর্বে তাদের প্রতিপক্ষ কে হচ্ছে। 

আরও অবাক করা বিষয়, গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হবে বাংলাদেশ সময় ২৮ জুন সকালে। অর্থাৎ রোববারে সকালে জার্মানি জানতে পারবে তাদের পরবর্তী রাউন্ডের প্রতিপক্ষ, আর মঙ্গলবারেই খেলতে হবে তাদের বিপক্ষে! 

প্রতিপক্ষ দলকে কাটাছেঁড়া করে নিজেদের ট্যাকটিকস সাজানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না বলেই ক্ষুব্ধ হয়েছেন নাগেলসম্যান। জার্মান কোচ বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আমরা এক প্রকার শাস্তিই পেলাম বলা চলে। আমি মনে করি না এটা আদর্শ কোনো ঘটনা। আমি আগের দিন সারারাত প্রতিপক্ষের ফুটেজ বিশ্লেষণ করে পরের দিন ম্যাচ খেলতে নামবো, নিশ্চয়ই এর থেকে ভালো কোনো সমাধান খুঁজে বের করা সম্ভব ছিল।’ 

তবে যেটা নিজেদের হাতে নেই সেটা ভেবে হাত গুটিয়ে বসে থাকতে চাইছেন না নাগেলসম্যান। কোচিং স্টাফকে তাই নির্দেশনা দিয়েছেন, সম্ভাব্য সব প্রতিপক্ষকে নিয়েই অগ্রিম বিশ্লেষণ শুরু করতে। এতে করে কিছুটা এগিয়ে থাকা যাবে বলে মনে করছেন জার্মান কোচ, ‘আমরা দেখার চেষ্টা করেছি কাদের সঙ্গে আমাদের খেলা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি কিছুটা দেখেছি, আমাদের এনালাইসিস টিমও কিছুটা দেখেছে। সম্ভাব্য প্রতিপক্ষদের কয়েকটি ম্যাচ ইতোমধ্যে আমরা বিশ্লেষণ করেছি।’