জার্মানির বিপক্ষে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে ইকুয়েডর। তবে খুব দ্রুতই সমতায় ফেরে তারা। শেষ দিকে দুর্দান্ত ক্যামব্যাকে অসাধারণ জয় তুলে নিয়েছে ইকুয়েডর। জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠলো দক্ষিণ আমেরিকার দেশটি।
হারলেও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউটে উঠলো জার্মানি। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ ম্যাচে ইকুয়েডরের সংগ্রহ ৪ পয়েন্ট। ১২টি গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইকুয়েডর। এতে ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে উঠল তারা।
ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।
শুরুতেই গোল হজম করে কিছুটা চমকে যায় ইকুয়েডর। তবে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি তারা। ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।
এতেই ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর। এবার বিশ্বকাপে এটাই তাদের প্রথম গোল। এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতি যায় দু'দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর। কর্নার থেকে বলে পা ছুইঁয়ে জালে জড়ান ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।