‘ইরানের পক্ষে যুদ্ধে নামতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এরদোয়ান’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বা যুদ্ধে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তার ব্যক্তিগত অনুরোধেই তুর্কি প্রেসিডেন্ট এ যুদ্ধ থেকে দূরে থাকতে সম্মত হন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বিস্ফোরক দাবি করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে নামার জন্য অন্যতম প্রধান প্রার্থী ছিলেন, কারণ তিনি ইসরায়েলকে মোটেও পছন্দ করেন না।’

ট্রাম্প আরও বলেন, ‘পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেন এবং এরদোয়ানকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানান। তাতে তুর্কি প্রেসিডেন্ট তা মেনে নেন।’

এদিকে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান এবং প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনার তুরস্কের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তুরস্ককে সন্তুষ্ট করবে, এমন কিছু করার সম্ভাবনা রয়েছে।’ 

পাশাপাশি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় আগামী ন্যাটো শীর্ষ সম্মেলনে সশরীরে অংশ নেওয়ার ইচ্ছার কথাও নিশ্চিত করেন তিনি।