স্পেনের বিপক্ষে উরুগুয়ের কঠিন চ্যালেঞ্জ

বিশ্বকাপ মানেই নাটক, উত্তেজনা আর শেষ মুহূর্তের সমীকরণ। চলমান বিশ্বকাপের 'এইচ' গ্রুপ যেন সেই নাটকের সবচেয়ে রোমাঞ্চকর মঞ্চ। চার দলের সামনে এখনো খোলা সম্ভাবনার দরজা, আবার একই সঙ্গে বিদায়ের শঙ্কাও। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় একসঙ্গে শুরু হবে দুই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে মুখোমুখি হবে উরুগুয়ে-স্পেন এবং কেপ ভার্দে-সৌদি আরব। এই দুই লড়াইয়ের পরই জানা যাবে কারা পা রাখবে রাউন্ড অব ৩২-এ, আর কারা থেমে যাবে গ্রুপ পর্বেই।

এখন পর্যন্ত গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে স্পেন। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে লা রোজারা। উরুগুয়ে ও কেপ ভার্দে দুই দলেরই সংগ্রহ দুই পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। একমাত্র পিছিয়ে আছে সৌদি আরব, তাদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। এখনো কোনো দলই নিশ্চিত নয়, আবার কেউ পুরোপুরি ছিটকেও যায়নি।

দুই ম্যাচেই ড্র করে চাপে আছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার দল আক্রমণে ঝলক দেখালেও রক্ষণে ভুলের মাশুল গুনেছে। বিশেষ করে কেপ-ভার্দের বিপক্ষে ২-২ ড্র তাদের সমীকরণ কঠিন করে তুলেছে। এখন সামনে শক্তিশালী স্পেন। যে কারণে ভুলের কোনো সুযোগ নেই। অন্যদিকে স্পেন শুরুটা প্রত্যাশামতো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের সামর্থ্যের বার্তা দিয়েছে। জয় পেলে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে যাবে। ড্র করলেও তাদের পথ প্রায় নিশ্চিত। 

তবে উরুগুয়ের জন্য সমীকরণ সহজ। জিতলে সরাসরি নকআউট, ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ম্যাচটির গুরুত্ব বুঝিয়ে বলেন, 'আমরা জানি সামনে কত বড় পরীক্ষা। স্পেন অসাধারণ দল। কিন্তু উরুগুয়ে কখনো চাপকে ভয় পায় না। এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।'

তিনি আরও বলেন, এই দলের সবচেয়ে বড় শক্তি হলো লড়াইয়ের মানসিকতা। শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা বিশ্বাস হারাব না। ভাগ্য এখনো আমাদের হাতেই।' উরুগুয়ের অধিনায়ক জোসে মারিয়া গিমিনেজ এই ম্যাচকে দেখছেন ফাইনালের চোখে। তিনি বলেন, 'এটাই সেই মুহূর্ত, যখন আমাদের প্রমাণ করতে হবে আমরা কারা। উরুগুয়ের জার্সি গায়ে চাপানো মানে দায়িত্ব কাঁধে নেওয়া।' স্পেনের ডিফেন্ডার আমেরিক লাপোর্তেও সতর্ক-'উরুগুয়ে আমাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তবে আমরা প্রস্তুত। নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে কাউকেই ভয় পাই না।'

এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম কেপ-ভার্দে। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই তারা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। স্পেনকে রুখে দিয়েছে, উরুগুয়ের সঙ্গেও পয়েন্ট ভাগ করেছে। এখন ইতিহাস গড়ার হাতছানি তাদের সামনে। জয় পেলেই নিশ্চিত নকআউট। ড্র হলেও সুযোগ থাকবে, তবে তাকিয়ে থাকতে হবে স্পেন-উরুগুয়ে ম্যাচের দিকে। কেপ-ভার্দের কোচ বুবিস্তা বিশ্বাস করেন, সাহসী ফুটবলই তাদের এত দূর এনেছে। দলটি এখন আর শুধু চমক নয়, বরং ভয়ংকর প্রতিদ্বন্দ্বী। 

অন্যদিকে সৌদি আরবের সামনে সমীকরণ একদম স্পষ্ট। জয় ছাড়া বিকল্প নেই। ড্র বা হার মানেই বিদায়। বড় ব্যবধানে হারের কারণে গোল পার্থক্য তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। তবে জয় পেলে সৌদিরও নকআউটে যাওয়ার বাস্তবতা বা সুযোগ রয়েছে। এই গ্রুপে এখনো নিশ্চিত নয় কিছুই। স্পেন এগিয়ে থাকলেও উরুগুয়ে, কেপ-ভার্দে এবং সৌদি আরব তিন দলের সামনেই সুযোগ বেঁচে আছে।