ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে গিয়েছিল সেনেগাল। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে বড় জয়ের প্রয়োজন ছিল আফ্রিকার দেশটির। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে ইরাককে ৫-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে সেনেগাল।
ইরাকের বিপক্ষে ম্যাচের ৪ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। ১৩ মিনিটে ইরাকের রেবিন সুলাকা লাল কার্ড দেখেন। ১০ জন নিয়ে প্রথমার্ধ শেষ করে ইরাক। সেনেগাল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও গোলের দেখা পায় সেনেগাল। ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৫৯ মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যায় সেনেগাল। দারুণ এক শটে বদলি হিসেবে মাঠে নামার ২ মিনিটের মাথায় এই গোলটি করেন পাপে গেয়ে।
ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পাপে গেয়ে। ম্যাচের ৮২ মিনিটে গোল করে সেনেগালকে ৫–০ ব্যবধানে এগিয়ে দেন ইলিমান এনদিয়ায়ে।