প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। আগামীকাল (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভিএসি) ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।
গত ২৫ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি জানান, প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভিএসি কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় দেশের অন্যান্য ভিসা আবেদনকেন্দ্রেও এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
প্রথম ধাপে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভিএসি) পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। কেন্দ্রগুলো হলো-
ঢাকা: যমুনা ফিউচার পার্ক, জি-১ ফ্লোর, সাউথ কোর্ট, প্রগতি সরণি, বারিধারা। ফোন: 09612-333666, 09614-333666।
চট্টগ্রাম: সিটি সেন্টার (দ্বিতীয় তলা), সিডিএ অ্যাভিনিউ, পূর্ব নাসিরাবাদ। ফোন: 02-334453100।
রাজশাহী: মরিয়ম আলী টাওয়ার (প্রথম তলা), বর্ণালী মোড় (পুরোনো বিলশিমলা)। ফোন: 0721-812534, 0721-812535।
খুলনা: রাহাত সেন্টার, ৭১ (নতুন), সৈয়দ আলী হোসেন সড়ক (আউটার বাইপাস রোড), ছোট বয়রা। ফোন: +880 247 8845500।
সিলেট: রহিম টাওয়ার, সোবহানীঘাট, বিশ্বরোড। ফোন: 0821-719273।