পবিত্র আশুরা উপলক্ষে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৬ জুন) ত্যাগের মহিমা ও শাহাদাতের দিনে ধর্মীয় ঐতিহ্য এবং ন্যায়বিচারের প্রতি সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। সংবাদমাধ্যম নিউ আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ দেওয়া এক পোস্টে মামদানি লেখেন, ‘আশুরা হলো স্মরণ, আত্মত্যাগ এবং আত্মোপলব্ধির সময়।’
পোস্টে আজ মহররমের ১০ম দিনে আমরা ইমাম হোসেনের সত্য ও মর্যাদার প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করছি জানিয়ে মেয়র লেখেন, ‘এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায়বিচারের জন্য লড়াই সবসময়ই সার্থক।’
আসুন আমরা এ আদর্শগুলোকে ধারণ করি এবং প্রত্যেকে নিউ ইয়র্কবাসীর জন্য আরও ন্যায়পরায়ণ একটি শহর গড়ে তোলার কাজ অব্যাহত রাখি বলে উল্লেখ করে তিনি বলেন, মূলত আশুরা ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে মহানবীর (সা.) দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাতকে স্মরণ করিয়ে দেয়। উমাইয়া খলিফা ইয়াজিদের আনুগত্য করতে অস্বীকার করায় ইমাম হোসেন, তাঁর পরিবার ও সঙ্গীদের শহীদ করা হয়। এ ঘটনাটি ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।
চলতি বছরের শুরুতে নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জোহরান মামদানি। দায়িত্ব নেওয়ার পর থেকেই নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে আসছেন মামদানি।
এর আগে, রমজানে ডজনখানেক ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন এবং শহরের পাঁচটি এলাকায় বিভিন্ন নামাজে অংশ নিয়েছিলেন তিনি। সবশেষ তিনি ব্রুকলিনেও তারাবির নামাজে অংশ নিয়েছিলেন।
নিউ ইয়র্কের এ মেয়র ব্রঙ্কসের ম্যাকম্বস ড্যাম পার্কে ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছিলেন। এ সময় তাকে ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের আদলে তৈরি একটি পাঞ্জাবি পরতে দেখা যায়।