আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন প্রবেশবিধি চালু করেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র (হেলথ সেলফ-ডিক্লারেশন) জমা দিতে হবে।
এই স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।