কুমিল্লায় একটি রেস্টুরেন্টে খাবার খেতে এসে দুই বছরের এক কন্যাশিশুকে রেখে চলে গেছে একটি বিদেশি পরিবার। ওই পরিবারটি ভারতের ভারতের কাশ্মির থেকে এসেছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সর্বশেষ শনিবার (২৭ জুন) দুপুরে সমাজ সেবা অফিসের মাধ্যমে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার ‘জাইতুন রেস্তোরাঁয়’ সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে গেছেন ওই ভিনদেশী পরিবার।
প্রাথমিক তথ্যের বরাতে পুলিশ জানায়, পরিবারটি ভারতের কাশ্মির থেকে এসেছে। সকালে রেস্টুরেন্টে নাশতা খেয়ে ভুলবশত শিশুটিকে সেখানে রেখে চলে যায়।
জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, ভারতের কাশ্মিরি একটি পরিবার শনিবার সকালে দুটি গাড়িতে করে প্রায় ১৫ জন সদস্য জাইতুন রেস্টুরেন্টে নাস্তা করেন। তারা চলে যাওয়ার সময় ভুলবশত শিশুটিকে রেখে চলে যান। শিশুটি কথা বলতে পারে না। তার বয়স দেড় থেকে দুই বছর হবে। পরে আমরা থানায় জানিয়েছি।
কুমিল্লা দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি রকিবুল ইসলাম বলেন, আমরা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে খবরটি পেয়েছি। পরে সমাজসেবা অফিসারের মাধ্যমে পরিবারটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসছেন, পথে আছেন। এসে পৌঁছালে আইনানুসারে শিশুটিকে হস্তান্তর করা হবে।
সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারটিকে খবর দেওয়া হয়েছে। তারা কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছিলেন বিস্তারিত কিছুই জানতে পারিনি। তবে তারা কাশ্মিরি বলে জানতে পেরেছি। তারা এসে পৌঁছালে বিস্তারিত জানতে পারব।