‘ভালো কিছু করার চেষ্টা করলে কিছু ব্যবসায়ী তার সুযোগ নেয়’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের পক্ষ থেকে চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছিল। কিন্তু সেই দামে চামড়া বিক্রি হয়নি। এখানে কোনো কারসাজি আছে কিনা খতিয়ে দেখা হবে। যখনই ভালো কিছু করার চেষ্টা করি তখন কিছু ব্যবসায়ী তার সুযোগ নেয়।

 

বুধবার সকালে রংপুর নগরীতে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ঈদের দিন থেকে লক্ষ করলাম যে, চামড়ার দাম গ্রহণযোগ্য পর্যায়ে নেই। এভাবে চলতে পারে না, তাই তাৎক্ষণিকভাবে চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। চামড়া রপ্তানির ফলে তৃণমূলের ব্যবসায়ীরা ভালো দাম পাবেন।

 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দেয়া হয়েছিল। ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, যেন তারা নির্ধারিত দামে চামড়া কেনেন। কিন্তু চামড়ার দাম গ্রহণযোগ্য পর্যায়ে নেই।

আরো পড়ুন : চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের

তিনি আরো বলেন, মূলত কোরবানির চামড়া মসজিদ-মাদ্রাসায় দান করা হয়। সেই চামড়া অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। যখনই ভালো কিছু করার চেষ্টা করি তখন কিছু ব্যবসায়ী তার সুযোগ নেয়। তাই আমরা চামড়া রপ্তানি করার অনুমতি দিয়েছি।

 

‘সরকার গরিবের হক মারছে’ বিএনপির এমন অভিযোগের ব্যাপারে টিপু মুনশি বলেন, ‘সমালোচনা করাই হচ্ছে বিএনপির কাজ। ভালো কাজ কখনোই তাদের চোখে পড়ে না। সমুদ্র জয় যখন হয়েছিল তখন প্রাথমিকভাবে তারা ইতিবাচক মন্তব্য করলেও পরে নেতিবাচক মন্তব্যে ঘুরে দাঁড়ায়।’ এ সময় জেলা পর্যায়ের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি