মাদক ও সাইবার আইনে পরিবর্তনের প্রস্তাব, সংসদে উঠল দুটি সংশোধনী বিল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে দুটি পৃথক বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে মাদক অপরাধ দমনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান ফিরিয়ে আনার পাশাপাশি সাইবার সুরক্ষা আইন থেকে অনলাইন জুয়ার অপরাধ-সংক্রান্ত ধারা বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল দুটি উত্থাপন করেন। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিরোধী দলের সদস্যরা বিল দুটি উত্থাপনের আগে সংসদ সদস্যদের অবহিত না করার অভিযোগ তুলে আপত্তি জানালেও ডেপুটি স্পিকার কায়সার কামাল তা আমলে নেননি। তিনি জানান, বিলের নোটিশ দেওয়ার নির্ধারিত সময়সীমা মার্জনা করা হয়েছে এবং আপত্তি থাকলে তা আগেই জানাতে হয়।

দিনের সম্পূরক কার্যসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে তিনি বলেন, সাধারণ আদালতে মামলার অতিরিক্ত চাপ থাকায় মাদক-সংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে মাদকপ্রবণ এলাকাগুলোতে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান পুনরায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যদিও সাধারণ আদালতের এখতিয়ার বহাল থাকবে।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ, বিশেষ করে সাইবার স্পেসে সংঘটিত অপরাধ দমনে নতুন বিধান সংযোজনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রাধিকার এবং ডগ স্কোয়াড গঠনের বিধানও যুক্ত করা হয়েছে।

অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সাইবার সুরক্ষা (সংশোধন) বিল উত্থাপন করেন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, সাইবার সুরক্ষা আইন থেকে অনলাইন বা সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও শাস্তির বিধান বাদ দেওয়া হবে। এসব বিষয় নিয়ে পৃথক জুয়া প্রতিরোধ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুটি বিলই পরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।

বিল উত্থাপনের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিল দুটি তাৎক্ষণিকভাবে আনার মতো কোনো জরুরি প্রয়োজন ছিল না। আইন প্রণয়নের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা এবং বিদ্যমান আইন ও প্রস্তাবিত সংশোধনীর তুলনামূলক বিশ্লেষণ সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা উচিত ছিল।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিলটি এখন কেবল উত্থাপন করা হয়েছে, পাস করা হচ্ছে না। সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার সময় সংশোধনী আসতে পারে। তাই এই পর্যায়ে তুলনামূলক বিশ্লেষণ বিতরণ করা হয়নি।