টানা দুই জয়ে আগেই নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেইসঙ্গে ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। নিয়মরক্ষকার জন্য গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মোকাবিলা করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে বেঞ্চে থাকবেন তিনি। এছাড়া একাদশে বড় পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার রক্ষণভাগে বড় চমক হিসেবে থাকছেন জুলিয়ানো সিমেওনে। তার সঙ্গে রক্ষণভাগের দায়িত্বে সামলাবেন অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভানি লো সেলসোর। একাদশে ফিরছেন এসেকিয়েল পালাসিওস। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে শুরুর একাদশে আছেন নিকো পাজ।
জর্ডানের বিপক্ষে আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।