জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেলো বাবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত বাবাকে হাসপাতালে নেওয়ার পর অভিযুক্ত ছেলে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুলতান আলীর সঙ্গে তার ছেলে ফয়েজ মিয়া (৩৪)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে বাবার মাথার পেছনে আঘাত করেন। এতে সুলতান আলী গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতালে বাবাকে রেখে অভিযুক্ত ফয়েজ মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মজিবুর রহমান সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।