২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ডালাসে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় এক বাংলাদেশি প্রতিবেদক পেছন থেকে ‘বাংলাদেশ’ বলে ডাক দিলে সঙ্গে সঙ্গে ফিরে তাকান মার্টিনেজ। এরপর হাসিমুখে বলেন, ‘ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’
বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে বলা হলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’
২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের উদ্যাপন ও সমর্থনের ছবি ছড়িয়ে পড়ার পর দুই দেশের সমর্থকদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়—এ প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা উন্মাদ। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন খুব পছন্দ করি।’
বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদের মানসিকতার মিলও তুলে ধরেন এই গোলরক্ষক। তার ভাষায়, ‘তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই। সেটাই আমার ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা।’
গ্রুপপর্ব শেষে আর্জেন্টিনা নকআউট নিশ্চিত করেছে। মাঠের ব্যস্ততার মধ্যেও বাংলাদেশের প্রতি মার্টিনেজের এই প্রতিক্রিয়া দুই দেশের ফুটবল-ভক্তদের সম্পর্কের ধারাবাহিকতাই তুলে ধরেছে।