প্রধানমন্ত্রীর নির্দেশে ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’-কে জাতীয়করণের ঘোষণা

‘সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা চালান প্রধান শিক্ষক’ শিরোনামে একটি ঘটনা সামনে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বান্দরবানের থানচি উপজেলার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। রোববার মহান সংসদে তিনি এ স্লিপ পাঠিয়েছেন। তিনি জানান, স্কুলটি জাতীয়করণ করা হবে শিগগিরই।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন তার সহকর্মীদের বেতন যোগাতে নৌকা চালান। শুধু মার্চ-এপ্রিল মাসে নৌকা চালিয়ে আয় করেছেন ৪০ হাজার টাকা। যার মধ্যে ৩০ হাজার টাকা দিয়েছেন সহকর্মীদের বেতন বাবদ।’

‘যেখানে দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি স্কুল টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ, সেখানে প্রধান শিক্ষক অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। বিষয়টি নজরে আসার পর রাতেই শিক্ষামন্ত্রীকে স্কুলটি জাতীয়করণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী।’

২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়লেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন চালানো হয়ে পড়ে কঠিন।