প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

অর্থনীতিকে সম্প্রসারিত করতে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে

সংকুচিত অর্থনীতিকে গতিশীল ও সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ প্রজন্মকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

রোববার (২৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ‘জাতীয় বাজেট: শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত করার দাবি জানান। শিক্ষার্থীদের উত্থাপিত দাবির প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে সরকার বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি আরও বলেন, গবেষণাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন সুসংহত করতে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও উদ্ভাবন খাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানো জরুরি।

সেমিনারে বক্তারা একমত পোষণ করেন যে, কেবল নীতি নির্ধারণ করলেই হবে না, বরং বাজেটের বাস্তবায়ন যেন স্বচ্ছ হয় এবং তা যেন তৃণমূল পর্যায়ের তরুণদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখে, তা নিশ্চিত করতে হবে। সরকারের উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের বেকারত্ব সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।