বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশকে একদিন ফুটবল বিশ্বকাপে খেলানোর লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে—এই লক্ষ্য সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের ফুটবলে কিছু সীমাবদ্ধতা থাকলেও সেগুলো অতিক্রম করে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আমিনুল হক বলেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলের মানচিত্রে শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ চলছে। জাতীয় দলের খেলোয়াড়রা ভালো পারফর্ম করছেন উল্লেখ করে তিনি বলেন, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াসহ দলের সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, উপমহাদেশের ফুটবলে আধিপত্য বিস্তারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামনে নভেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ রয়েছে। ২০০৩ সালে সর্বশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর সেই ট্রফি পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, বর্তমান বাংলাদেশ ফুটবল দল ঐক্যবদ্ধ ও ভারসাম্যপূর্ণ একটি দল। এ কারণে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে তিনি আশাবাদী।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, বর্তমানে ৩০০টি ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের ভাতা দেওয়া হচ্ছে। শিগগিরই আরও ২০০টি ক্রীড়া কার্ড যুক্ত করে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে পৌঁছে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন তিনি।