পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহতের দাবি আফগানিস্তানের

পূর্ব আফগানিস্তানের পাকতিকা, পাকতিয়া ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ দাবি করেন। তবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি।

আফগানিস্তানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান ও পরবর্তী বিমান হামলায় ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

তার দাবি, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও করাচিতে পাকিস্তান রেঞ্জার্স (সিন্ধ) ক্যাম্পসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়েছে।