কালো গোলাপের রঙের দীপ্তি

সেলিনা হোসেন

শোকের মাস যেন একটি কালো গোলাপ। এই মাসকে নিয়েই সৌরভ এবং রঙের সঙ্গে এক হয় গৌরব ও বেদনার ধারণা। গৌরব স্বাধীনতার মতো বড় অর্জন। আর শোক স্বাধীনতার স্বপ্ন দেখানো মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়া। জীবন-মৃত্যুর দুই গভীর জায়গায় তিনি আমাদের সামনে দাঁড়ানো অবিনাশী মানুষ। মৃত্যুর অবধারিত সত্য মেনে নিয়ে তিনি আমাদের সামনে অমরত্বের সাধনা।

এ দুটো সত্যকে এক করে আগস্ট মাস প্রবলভাবে অর্থবহ। তিনি ছিলেন বলে আমরা স্বাধীনতার মতো বড় অর্জন পেয়েছি। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে নিজ অবস্থান তৈরি করেছে। তাঁকে সামনে রেখে চলছে পথচলা। খুঁজে নেওয়া হচ্ছে দিকনির্দেশনা। তিনি আছেন। সহায়ক শক্তি হিসেবে গণমানুষের চেতনায় প্রদীপ্ত আলো। গণমানুষের কণ্ঠে ধ্বনিত জাগরণের গান।

ছড়িয়ে আছে তাঁর আদর্শ ও স্বপ্ন। দুঃখী মানুষের জীবন বদলানোর জন্য তাঁর অন্তহীন প্রেরণা আজকের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির জন্য শোক কোনো শেষ কথা নয়। শোক যে শক্তির উত্স হয়, বাংলাদেশ তার প্রমাণ। এ দেশের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ফাঁসির রায় কার্যকর হয়েছে। প্রত্যাশা করা যায় নিকট ভবিষ্যতে বাকি রায়ও কার্যকর হবে। তাঁর মৃত্যুর পরে এ দেশে মৌলবাদীদের উত্থান ঘটে। তারা চেয়েছিল দেশটিকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দিতে।

কিন্তু সেটা হয়নি। শোককে শক্তিতে পরিণত করেছে দেশের মানুষ। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ মানবিক চেতনার ঠিকানা। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজকের বাংলাদেশ মানুষের প্রকৃত আবাসস্থল হোক এটাই প্রত্যাশা। এই প্রত্যাশার

জয়গানে মুখরিত আজ শোকের মাস। তাঁর বক্তৃতার বাণী নিজেদের কণ্ঠে তুলে বলতে হবে, ‘বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান, বাংলাদেশে যাঁরা বসবাস করেন, তাঁরা সকলেই এ দেশের নাগরিক। প্রতিটি ক্ষেত্রে তাঁরা সমঅধিকার ভোগ করবেন।’

বঙ্গবন্ধুর এই বাণী পৌঁছে যাক প্রত্যেকের চেতনায়। যেন কোনো ভুল আচরণ লোক এবং শক্তির বাংলাদেশকে কলঙ্কিত না করে।

মানুষের মর্যাদায় প্রদীপ্ত থাকুক তাঁর অবিনশ্বর চেতনা।

প্রজন্মের সামনে কালো গোলাপ এভাবেই রঙের দীপ্তি—

 

যেখানেই তাঁর ছায়া

সেখানেই তিনি বিশাল গাছ

যেখানেই তাঁর হাসি

সেখানেই তিনি তেরোশত নদী

যেখানেই তাঁর দৃষ্টি

সেখানেই পাহাড়ের উচ্চতায় সূর্যের আলো

যেখানেই তাঁর তর্জনি

সেখানেই দিগন্তরেখায় আকাশের নত হওয়া

যেখানেই তাঁর বজ কণ্ঠ

সেখানেই লক্ষ মানুষের নিস্পন্দ শ্রবণ

যেখানেই তাঁর আহ্বান

সেখানেই পথ-প্রান্তর মাড়িয়ে ছুটে আসা মানুষের পদধ্বনি

তিনি নেই এমন জনপদ বাংলাদেশে নেই

তিনি এই মানচিত্রের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

হাজার বছর ধরে

তাঁর নামের জয়ধ্বনির সঙ্গে

তরুণ প্রজন্মের কণ্ঠে উচ্চারিত হবে,

আমিই শেখ মুজিব।

লেখক :কথাসাহিত্যিক