একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) এবং বিকেলে ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মানসিক ভারসাম্যহীন কন্যা নাছরীন আক্তারের (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, নাছরীন আক্তার ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। রোববার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ছিলেন। পরে তার মা নাজমা বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, দুটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।