বলিউড অভিনেতা গোবিন্দের সঙ্গে ৩৭ বছরের দাম্পত্যে ফাটলের ইঙ্গিত আগেই দিয়েছিলেন স্ত্রী সুনীতা আহুজা। এবার এক রিয়েলিটি শোতে এসে ৬২ বছর বয়সী অভিনেতার পরকীয়া নিয়ে আবারও মুখ খুললেন তিনি।
১৯৮৭ সালে গোবিন্দ ও সুনিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবন নিয়ে ভারতীয় একটি রিয়েলিটি শোর মঞ্চে অংশ নিয়ে অতীতের বিভিন্ন গুঞ্জন ও তাদের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়ে কথা বলেন সুনীতা।
সুনীতা আহুজা সম্প্রতি ‘লক আপ ২’ নামের একটি রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে গোবিন্দের পরকীয়া প্রসঙ্গেই কথা তুললেন! জানান, কাউকে ভালোবাসার অর্থ হলো সম্পর্কের কঠিন সময়গুলোকেও মেনে নেওয়া।
গোবিন্দের জীবনে একাধিক পরকীয়ার সম্পর্কের ইঙ্গিত দিয়ে সুনীতা বলেন, ‘যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনাকে সব কিছু সহ্য করতে হয়। গোবিন্দ জীবনে কতগুলো পরকীয়া করেছে? আপনি প্রশ্ন করলে এই উত্তর আমি দিতে পারব না। অনেক সহ্য করেছি। অভিনেতা-অভিনেত্রীদের পরকীয়া থাকে, সেটা ঠিক কথা। আমার মনে হয়, এত বছর ধরে গোবিন্দকে সাপোর্ট করার পরে, পরের জন্মে আমি তার মতো ছেলে হওয়ার যোগ্য।’
অনুষ্ঠানে গোবিন্দের পায়ে গুলি লাগার পুরোনো একটি ঘটনার প্রসঙ্গও টেনে আনেন সুনীতা। তিনি জানান, জীবনে অন্য কেউ চলে আসলেই এমন দুর্ঘটনা ঘটে। সে সময় গুঞ্জন উঠেছিল যে সুনীতাই গোবিন্দকে গুলি করেছিলেন।