সখীপুরে প্রেমিক যুগলের লাশ উদ্ধার

সখীপুরে এক সঙ্গে বিষপান করে ২৩ ঘণ্টার ব্যবধানে প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রেমিকা টাঙ্গাইল জেনারেল কলেজ হাসপাতালে মারা যান। 

মৃতরা হলেন- প্রেমিক ইব্রাহিম মিয়া (১৫)। তিনি ইছাদিঘী গ্রামের বাঘবেড় পাড়ার মজনু মিয়ার ছেলে। প্রেমিকা মেঘনা আক্তার (১৪) ওই গ্রামের ফজলুল হকের মেয়ে। তারা দুইজনেই উপজেলা ইছাদিঘী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, একই শিক্ষা প্রতিষ্ঠানে একই শ্রেণিতে পড়ার সুবাধে তাদের মধ্যে বছর খানেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাস খানেক আগে দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটি ঈদের দিন রাতে কাউকে না জানিয়ে ছেলের বাড়িতে গিয়ে উঠেন। ছেলের পরিবারের পক্ষ থেকে মেনে না নেওয়ায় ওই বাড়িতে পরদিন সকালে উভয়েই বিষপান করেন। ছেলের বাড়ির লোকজন উভয়কেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উভয়ের অবস্থার অবনতি হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মেয়েটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ২৩ ঘণ্টা পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলে মেয়ের কবরের পাশে ছেলেকেও কবর দেয়ার ব্যবস্থা করা হবে। সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/আরকেজি