সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠি অনুযায়ী অনুযায়ী, পিরোজপুরের ‘নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের’ নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ’, নাজিরপুর, পিরোজপুর। একই সঙ্গে ভোলার চরফ্যাশনের ‘জনতা বাজার কলেজের’ নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ’, চরফ্যাশন, ভোলা রাখা হয়েছে।
আরেকটি পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে জারি করা আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়েছে। চিঠিগুলোতে জানানো হয়, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। চিঠিতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।