জাহাঙ্গীরনগরে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযোগ, তিনি গত কয়েক মাস ধরে একই ধরনের কর্মকাণ্ড করে আসছিলেন।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিয়াজ আহমেদের বাড়ি কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকায়।

শিক্ষার্থীদের ভাষ্য, সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় ব্রাজিল-জাপানের বিশ্বকাপ ম্যাচ দেখার পর কয়েকজন ছাত্রী টিএসসির ওয়াশরুমে যান। এ সময় এক যুবককে ছাত্রীদের ওয়াশরুম থেকে তড়িঘড়ি বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে তার মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে ধারণ করা ভিডিও পাওয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, রিয়াজের মোবাইল ফোনে চলতি বছরের জানুয়ারি থেকে ক্যাম্পাসের ছাত্রীদের এ ধরনের প্রায় ১৪০টি ভিডিও পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে প্রান্তিক ফটকে নিয়ে যান।

পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনে। এরপর ভোরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় তাকে নেওয়া হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রীরা লিখিত অভিযোগ দিয়ে মামলা করতে আশুলিয়া থানায় যান।

অভিযুক্ত রিয়াজ আহমেদের দাবি, তিনি খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, এক বন্ধু তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেছিলেন। তবে ফোনে আগের ভিডিওগুলো কীভাবে এসেছে এ প্রশ্নে তিনি বলেন, এর আগেও ক্যাম্পাসে এসে কিছু ভিডিও করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ উল্লেখ করে বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হবে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু করে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।