ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় ভারতে পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২৯ জুন) বিকালে হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন- ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ (২৬) ও নন্দগাঁও এলাকার নাজমুল (৬৪)।
র্যাব জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভৈষা গ্রামে হাসান আহাম্মদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার গোয়ালঘর থেকে একটি দ্বিখণ্ডিত কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটি ওজনে প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে, পরস্পর যোগসাজশ করে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি ভারতে দেশে পাচারের পরিকল্পনা করা হচ্ছিলো।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে হাসান ও নাজমুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাসহ তাদের হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যহত থাকবে।