চার পরিবর্তন নিয়ে সুইডেনের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স

শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স। নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

শুরু থেকেই খেলবেন লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। এর ফলে বেঞ্চে বসতে হচ্ছে আগের ম্যাচে একাদশে থাকা মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২ এ পা রাখে ফ্রান্স। সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর দিদিয়ের দেশমের দল ৩-০ গোলে ইরাককে পরাজিত করে। তারপর শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেয়।

কিলিয়ান এমবাপে তিন ম্যাচে চার গোল করেন। বিশ্বকাপে ১৬ গোল নিয়ে তিনি লিওনেল মেসিকে ছাড়ানোর মিশনে। আর শেষ ম্যাচে হ্যাটট্রিক করে নজর কেড়েছেন উসমান ডেম্বেলে।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।