প্রতিকূল আবহাওয়ায় এক ঘণ্টা দেরিতে মাঠে নামলো মেক্সিকো-ইকুয়েডর

ফিফা বিশ্বকাপের চলেতি আসরের অন্যতম আয়োজক মেক্সিকো। গ্রুপপর্বে কোনো গোল হজম না করেই তিন ম্যাচের সবকটিতে জিতে বিশ্বকাপের শেষ ৩২–এ ওঠে দেশটি।

বুধবার (১ জুলাই) সকাল ৭টায় নকআউট ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বজ্রঝড়ের কবলে পড়ে ম্যাচটি এক ঘণ্টা বন্ধ থাকার পর মাঠে গড়াচ্ছে।

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এই ম্যাচটি প্রথমে ৩০ মিনিট বিলম্বে হওয়ার কথা বলা হলেও, দর্শকদের অপেক্ষা এক ঘণ্টায় গিয়ে পৌঁছায়। ফলে ম্যাচটি শুরু হচ্ছে ৮টায়। এর আগে খেলার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকে ঝড় শুরু হয়েছিল।

১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকো কোয়ার্টার ফাইনাল খেলেছিল। যা মেগা ইভেন্টটিতে তাদের সর্বোচ্চ যাত্রা। আজ তারা শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে নামছে। গ্রুপপর্বে কোনো ম্যাচ না হারা দলটি নকআউটে কেমন পারফর্ম করে সেটাই দেখার অপেক্ষা। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর গ্রুপপর্বে হারিয়েছিল জার্মানিকে।

চলতি আসরের গ্রুপপর্বে ফ্রান্স-ইরাক ম্যাচও পড়েছিল বজ্রঝড়ের কবলে। প্রতিকূল আবহাওয়ার কারণে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত খেলা প্রায় ২ ঘণ্টা ১১ মিনিট (১৩১ মিনিট) বন্ধ ছিল। এর আগপর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স।

শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের জোড়া এবং উসমান দেম্বেলের এক গোলে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ৩-০ ব্যবধানে জয় পায়।