ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (OSL) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত Strategic and Entrepreneurial Leadership (SEL) Summit-এর সমাপনী অনুষ্ঠান এবং Innovation, Creativity and Entrepreneurship (ICE) Center-এর তত্ত্বাবধানে আন্তঃবিশ্ববিদ্যালয় Idea Competition-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন OSL বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা-দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করে চাকরিপ্রত্যাশীর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি OSL বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে বলেন, নেতৃত্ব বিকাশ, কৌশলগত ব্যবস্থাপনা, গবেষণা এবং উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে বিভাগটি ইতোমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় Idea Competition-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship (Creative Bangladesh)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই অংশ নিতে পারবেন।
নির্বাচিত দলগুলো ৩২০ ঘণ্টাব্যাপী Entrepreneurship Education Program-এ অংশগ্রহণের সুযোগ পাবে। এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ, মেন্টরিং এবং কারিগরি সহায়তার মাধ্যমে উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।
প্রতিযোগিতার আবেদন গ্রহণ ১ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। আগামী ২২ ও ২৩ জুলাই অনুষ্ঠিত হবে আইডিয়া পিচিং পর্ব। কৃষি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, জলবায়ু, জ্বালানি, ই-কমার্স ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা নিয়ে শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।